বাংলাদেশ

শিক্ষকদের পেনশন ৩ মাসের মধ্যে দেওয়ার দাবি আখতার হোসেনের

বাংলা টিভি ডেস্ক: শিক্ষকদের জন্য পৃথক সুরক্ষা ব্যবস্থা ও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের অর্থ সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিশোধের দাবিও জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গণ গড়তে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, শিক্ষকদের মতপ্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের বাধা দেওয়া হলে জনগণ তা প্রতিহত করবে। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন প্রসঙ্গে তিনি বলেন, চাকরিজীবনে বেতন থেকে অর্থ কেটে রাখা হলে অবসরের পর সেই অর্থ পেতে বছরের পর বছর অপেক্ষা করা উচিত নয়। পেনশনে যাওয়া শিক্ষকদের তিন থেকে ছয় মাসের মধ্যে পাওনা পরিশোধের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকদের বৈষম্য, অনিশ্চয়তা ও আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে রেখে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে শিক্ষকদের সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার দাবি জানান তারা।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, শিক্ষকরা ঐক্যবদ্ধ না থাকলে তাদের ন্যায্য মর্যাদা ও অধিকার আদায় করা কঠিন হবে। শিক্ষকদের কল্যাণে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button