বাংলাদেশ

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, আটক ২, ভিডিও ভাইরাল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে শান্ত মজুমদার নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের ওই ঘটনার ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন চরআবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রামের রাকিব হোসেন ও কাইয়ুম। তাদের হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগের পর কেওড়াডুগি এলাকায় শান্ত মজুমদারকে আটক করা হয়। পরে তার হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় তার ভাই অন্তর মজুমদারসহ কয়েকজন যুবক জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজনের দাবি, প্রায় এক মাস আগে হায়দরগঞ্জ বাজারসংলগ্ন কেওড়াডুগি এলাকায় কয়েকটি বাড়ি ও দোকানে রাতে চুরি হয়েছিল। ওই ঘটনায় শান্তকে সন্দেহ করে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় ওই কিশোরকে কয়েকজন মারধর করছেন। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, এভাবে প্রকাশ্যে কাউকে নির্যাতন করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।

পুলিশ জানায়, খবর পেয়ে হায়দরগঞ্জ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরকে মারধরের বিষয়টি জানতে পারেন। তবে তার কাছ থেকে কোনো চোরাই মাল উদ্ধার করা হয়নি।

এদিকে শান্ত মজুমদার চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কোনো প্রমাণ ছাড়াই শুধু সন্দেহের ভিত্তিতে তাকে বেঁধে মারধর করা হয়েছে এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে চোর হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, কিশোরকে হাত-পা বেঁধে মারধরের ভিডিও তিনি দেখেছেন। এলাকায় চুরির ঘটনার পর তার ভাইসহ স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর করেন। এ ঘটনায় দুই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button