বাংলাদেশ

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

বাংলা টিভি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

এর আগে শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছিলেন, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে। পরে রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিটি নিজেদের পেজে শেয়ার করে মার্কিন দূতাবাস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এই নৈশভোজের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সেসময় জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

ফার্স্ট লেডিদের নিয়েও বিশেষ আয়োজন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প।

সেখানে শিশুদের কল্যাণে তার নেওয়া উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

জাতিসংঘে প্রথম ভাষণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম বক্তব্য।

সফরকালে সাধারণ পরিষদের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

নিউইয়র্ক সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button