আন্তর্জাতিক

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটিতে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে জুবাইল শহরে কর্মরত ছিলেন তিনি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, রোববারের ক্ষেপণাস্ত্র হামলার সময় সজিব ঘটনাস্থলে ছিলেন এবং সেখানেই প্রাণ হারান।

সজিবের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির প্রত্যাশায় বিদেশে পাড়ি জমানো সজিবের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা দ্রুত সজিবের মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফন করতে চান। এ জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তারা। মরদেহ দেশে আনার প্রক্রিয়াও শুরু করার চেষ্টা চলছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, তিনি গণমাধ্যমের মাধ্যমে সজিবের মৃত্যুর খবর জানতে পেরেছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় তথ্য নেওয়ার পাশাপাশি নিহতের পরিবারের পাশে থেকে সম্ভাব্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button