‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (৫ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এ হামলা চালিয়েছে।
হুথি সামরিক মুখপাত্রের দাবি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নির্ভুলভাবে হামলা পরিচালনা করা হয়। এর ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এর আগে একই দিনে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় হুথিরা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব আকাশসীমা তাদের সম্ভাব্য হামলার আওতায় থাকবে।
হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়, সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আকাশসীমায় বিমান চলাচল অব্যাহত রাখলে এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় তারা নেবে না।
তবে বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল ব্যাহত হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।
সূত্র: মিডল ইস্ট আই



