ঘুষকাণ্ডে ভাইরাল সেই এএসআই ক্লোজড

বাংলা টিভি ডেস্ক: প্রকাশ্যে ঘুস গ্রহণের পক্ষে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে এক ব্যবসায়ীর করা মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত কয়েকজনের সামনে তাকে ঘুস গ্রহণ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে শোনা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝস না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুস খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব—হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই।’
ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভিডিওটি সম্পর্কে জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ওই পুলিশ কর্মকর্তাকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।



