বাংলাদেশ

ফেসবুকে পোস্ট-কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, ২ জন গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল আহমদ শাহ (২৩) নিহত হওয়ার ঘটনায় পাঁচ দিন পর দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে এসআরবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলাম শেখপাড়ার আব্দুল মুকিত মকুর ছেলে ইয়াসির আহমেদ ফাহিম এবং আচার মিয়ার ছেলে আব্দুস সামাদ। বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল ইসলাম ভূঁইয়া।

ওসি জানান, রাসেল আহমদ শাহ হত্যা মামলায় সুনামগঞ্জ এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর দক্ষিণ সুরমার সিলাম চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট এবং সেটিতে করা মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি হলে প্রথমে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রাসেল আহমদ শাহ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নাতদন্ত শেষে শনিবার রাসেলের মরদেহ দাফন করা হয়। পরদিন রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button