নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

সিটি রিপোর্টার: নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ এবং ফতুল্লায় রাসায়নিক দগ্ধের পৃথক ঘটনায় ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কাঁচপুরের ঘটনায় দুটি পরিবারের চারজন এবং ফতুল্লার ঘটনায় দুজন রয়েছেন।
শনিবার দিবাগত রাত (১১ অক্টোবর) আনুমানিক ১টা ৩০ মিনিটে কাঁচপুরে গ্যাস লিকেজের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় পৃথক আরেকটি ঘটনায় আরও তিনজন আহত হয়।
অন্যদিকে, ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লায় রাসায়নিক দগ্ধের ঘটনা ঘটে। ফতুল্লার ঘটনায় দগ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, কাঁচপুরের ঘটনায় আহত চারজন প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তাঁদের আঘাতের ধরন ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ফতুল্লার ঘটনায় আহতরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন। তাদেরও চিকিৎসা চলছে। কাচঁপুরের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে ৪০-৭০% এবং ফতুল্লার দুই শ্রমিক ৫৪-৫৫% দগ্ধ হয়।
এদিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি বাড়িতে জমে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-পুরুষসহ ৩ জন আহতের খবর জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোরে ওই বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ তিনজন আহত হয়।
আহতরা হলেন- শিখা রানী, মনা আচার্য এবং মনার মা (নাম জানা যায়নি)। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।



