গাজীপুরে দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে রাতে টহল দেওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন– কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। আহত দুজন হলেন উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। টহলের একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসকেরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দিনগত রাতে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় তাদের গাড়িচাপা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিও মারা গেছেন। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



