বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অন্যের পরিচয়ে ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজনই ওই মাদ্রাসার শিক্ষার্থী। তারা হলেন—আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম জানান, জাল ভোট দেওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে তাদের একটি কক্ষে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সদর, রুহিয়া ও ভুল্লী—এই তিন উপজেলায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তারা উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক)।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজন আটকের ঘটনা ঘটল।

সংশ্লিষ্ট খবর

Back to top button