ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’

বাংলা টিভি ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরাকে কেন্দ্র করে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় প্রসিকিউশনের এক সদস্যের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যকে হুমকি হিসেবে আখ্যায়িত করেন আসামিপক্ষের আইনজীবী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের আইনজীবীদের সতর্ক করেন ট্রাইব্যুনাল।
রোববার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ১৩ নম্বর সাক্ষীকে জেরার সময় এ ঘটনা ঘটে।
এদিন আসামিপক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ সময় তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন আবদুস সোবহান তরফদার, গাজী এমএইচ তামিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা।
জেরার একপর্যায়ে ২০২৪ সালের হাইকোর্টের একটি রায় নিয়ে সাক্ষীর কাছে জানতে চান আইনজীবী পলাশ চন্দ্র রায়। উত্তরে সাক্ষী জানান, ওই রায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ৯ জুলাই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল স্মারকলিপি দিয়েছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন। একই দিনে আপিল বিভাগে করা একটি আবেদনকে তিনি তৎকালীন শেখ হাসিনা সরকারের ‘মনভোলানো কৌশল’ বলে উল্লেখ করেন। তবে ওই মামলার শুনানির তারিখ তার মনে নেই বলে জানান।
এরপর জেরার কয়েকটি প্রশ্নে প্রসিকিউশন আপত্তি জানায়। এ সময় আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, প্রসিকিউশন চাইলে নিজেরাই জেরা করতে পারে, তারা বসে থাকবেন। পরে ট্রাইব্যুনালের নির্দেশে ডায়াসে গিয়ে তিনি অভিযোগ করেন, প্রসিকিউশনের কেউ দাঁড়িয়ে কথা বললে সাক্ষীর মনোযোগ সেদিকে চলে যায়। এতে সাক্ষী সতর্ক হয়ে পড়েন এবং প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়ে।
এ সময় ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট আইন পড়ে শোনান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এরপর পুনরায় জেরা শুরু হলে সাক্ষীর বসার অবস্থান নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি তোলেন। তাদের পক্ষ থেকে সাক্ষীকে প্রসিকিউশনের দিকে মুখ করে উত্তর দেওয়ার কথা বলা হয়। জবাবে সাক্ষী চেয়ার ঘুরিয়ে নেওয়ার কথা জানান।
সাক্ষীর এমন প্রতিক্রিয়ার পর প্রসিকিউশনের এক সদস্য মন্তব্য করেন, ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে।’ তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান আইনজীবী পলাশ চন্দ্র রায়। তিনি বলেন, এমন মন্তব্যের পর তার পক্ষে জেরা চালিয়ে যাওয়া ঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মন্তব্যটিকে তিনি এক ধরনের হুমকি বলেও উল্লেখ করেন।
এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করেন। উভয় পক্ষকে শান্ত থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণের নির্দেশ দেন বিচারক।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও জেরা শুরু করেন পলাশ চন্দ্র রায়। ২০২৪ সালের ৯ জুলাই কোনো সহিংসতার ঘটনা ঘটেছিল কি না, জানতে চাইলে সাক্ষী বলেন, সেদিন সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা হয়নি। তবে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়া হয়েছিল।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নেওয়া হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। প্রথম অভিযোগে বলা হয়, ১৯ জুলাই এক ফোনালাপে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনকারীদের বিরুদ্ধে রাতে কারফিউ জারি করে দমন করার কথা বলেন। তাদের প্ররোচনা ও ষড়যন্ত্রের কারণে বহু মানুষ প্রাণ হারালেও নির্যাতন বন্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২৩ জুলাই মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডে তাদের প্রত্যক্ষ জ্ঞান ও উসকানির বিষয়টি তুলে ধরা হয়েছে। তৃতীয় অভিযোগে ২৮ জুলাই মিরপুর-১০ নম্বরে মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যাযজ্ঞ চালানোর প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
চতুর্থ অভিযোগে বলা হয়, ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় কারফিউ ও মারণাস্ত্র ব্যবহারে উসকানির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলায় আকাশ, সেতু ও আলভীসহ ১২ জন নিহত হন।
পঞ্চম অভিযোগে ৫ আগস্টের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বানচালের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে প্রশাসন ও ক্ষমতাসীন দলের হামলায় মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আল-আমিন, আশরাফুল, সাব্বির ও রিতাসহ ১৬ জন নিহত হন।
তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান।



