বাংলাদেশ

সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে সিঙ্গারা না পেয়ে এক ক্যান্টিন কর্মচারীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ডা. জাস্টিন ক্লাম্প নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনে কর্মরত নারী কর্মীদের সামনেই ৩১ বছর বয়সী কাইয়ুম নামের ওই কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরেন তিনি। এতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প প্রতিষ্ঠানটিতে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চিকিৎসক জাস্টিন ক্লাম্প প্রায়ই এপিক হেলথ কেয়ারের ক্যান্টিন থেকে সিঙ্গারা খেতেন। ঘটনার দিন দুপুরে ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে কাইয়ুমকে দ্রুত তার কাছে যেতে বলেন। কাইয়ুম সেখানে পৌঁছালে নারী কর্মীদের সামনেই চিকিৎসক তার অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর কাইয়ুম অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আবারও এপিক হেলথ কেয়ারে আনা হয়।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ঘটনার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন কাইয়ুম। সবার সামনে এমন পরিস্থিতির শিকার হওয়ায় তিনি অপমানিত ও বিব্রত বোধ করছেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে কিছু জানার থাকলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নারী কর্মীদের সামনেই ক্যান্টিন কর্মচারী কাইয়ুমের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। একজন চিকিৎসকের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার সময় তিনি একটি সভায় ব্যস্ত ছিলেন। পরে ভুক্তভোগী কর্মচারী নিজেই তাকে বিষয়টি জানান। অভিযুক্ত চিকিৎসক এপিক হেলথ কেয়ারের সরাসরি বেতনভুক্ত কর্মী নন। তাই অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button