বাংলাদেশ

ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, সীমান্তে মিলল সাবেক বিডিআর সদস্যের মরদেহ

বাংলা টিভি ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল সীমান্তসংলগ্ন ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীরকুল এলাকার বরই বাগান ও ভারতের সাব্রুমের ঢোলবাড়ি অংশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মং মং মারমার ছেলে। ১৯৮৬ সালে স্বেচ্ছায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমানে বিজিবি থেকে অব্যাহতি নেন তিনি। তিনি ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফেনী নদীর ২২১৪/১৮ এস সীমান্ত পিলারসংলগ্ন ভারতের ঢোলবাড়ি এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। রাতভর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন শনিবার সকালে স্বজনরা স্থানীয় বাসিন্দা ও বিজিবির সহযোগিতা নিয়ে আবারও খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ঢোলবাড়ি সীমান্তে ফেনী নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তাঁর ডুবন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকাল ৮টা ২০ মিনিটের দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়।

নিহতের ছেলে থংগো মারমা জানান, শুক্রবার রাত থেকেই তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন ও বিজিবির সহায়তায় রাত এবং পরদিন সকালে বিভিন্ন স্থানে খোঁজ চালানো হয়। পরে ভারতের ঢোলবাড়ি অংশে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে বাবার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

থংগো মারমা বলেন, তাঁর বাবাকে বিএসএফ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি কোনো দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে, তা তাঁরা নিশ্চিত নন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে শনিবার সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে। নিহতের ছেলে এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

সাবেক এই বিডিআর সদস্যের মৃত্যু ঘিরে সীমান্তবর্তী এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button