বাংলাদেশ

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রস্তুতি শেষ করার নির্দেশ

বাংলা টিভি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় টার্মিনালটির কার্যক্রম শুরুর আগে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা নিজেদের প্রস্তুতি ও করণীয় নিয়ে মতবিনিময় করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করারও নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের ফলে টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে। পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর এর আংশিক কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলো যথাসময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সব অংশীজনের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button