জাতীয়

ফ্যাসিবাদ ফিরলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ফ্যাসিবাদ ফিরে এলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। যারা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে শহীদ হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার অর্জিত হয়েছে। এসব অর্জন সমুন্নত রাখতে সবাইকে কাজ করতে হবে। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, সেজন্য প্রকাশ্যে ও শক্তভাবে অবস্থান নিতে হবে। অন্যদেরও সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এ কাজ চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদ যদি ফিরে আসে, বা ফ্যাসিবাদ যেই হোক, যদি আসে তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার ব্যাহত হবে। যারা এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শহীদ হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, চলচ্চিত্র অঙ্গনের নেতাদের দাবিদাওয়াও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়।

সভায় চলচ্চিত্র অঙ্গনের কর্মীদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ট্রাস্ট গঠন করলে তা সরকারি ট্রাস্টের প্রচলিত নীতিমালা অনুসরণ করতে হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক ট্রাস্টের নিয়মকানুন বিবেচনায় নিয়ে এর কমিটি গঠন করতে হবে।

ট্রাস্ট গঠনে অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, তা নিয়ে আলোচনা প্রয়োজন। সংশ্লিষ্টদের পরামর্শও পর্যালোচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কার্যক্রম অতিশীঘ্রই শুরু করব, এবং অর্থ মন্ত্রণালয়ে আমি কথা বলব, যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটা সম্পাদন করা যায়, সেদিকে আমরা দেখব।’

সংশ্লিষ্ট খবর

Back to top button