বাংলাদেশ

আজ আনফ্রেন্ড দিবস, বন্ধু তালিকা থেকে বাদ দেবেন কাদের

বাংলা টিভি ডেস্ক: কর্মব্যস্ত জীবনে কাছের বন্ধুদের সঙ্গে নিয়মিত সময় কাটানোর সুযোগ অনেকেরই হয়ে ওঠে না। তবে বাস্তব জীবনে যোগাযোগ কমে গেলেও ভার্চুয়াল জগতে বন্ধুত্বের অভাব নেই। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পরিচিত-অপরিচিত অসংখ্য মানুষ যুক্ত হচ্ছেন বন্ধু তালিকায়। সময়ের সঙ্গে সেই তালিকায় জায়গা করে নিচ্ছেন এমন অনেকেই, যাদের সঙ্গে যোগাযোগ নেই, এমনকি যাদের উপস্থিতি অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের ব্যস্ততা, সংকোচ কিংবা নানা কারণে এসব মানুষকে বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় না। তবে এমন অপ্রয়োজনীয় ভার্চুয়াল সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটি উপলক্ষ রয়েছে। আজ ১৭ নভেম্বর, আনফ্রেন্ড দিবস। দিনটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা, অপ্রয়োজনীয় কিংবা বিরক্তিকর ব্যক্তিদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার কথা মনে করিয়ে দেয়।

যেভাবে শুরু হলো আনফ্রেন্ড দিবস

২০১৪ সালে মার্কিন কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা বন্ধু ছাঁটাই দিবসের প্রচলন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অচেনা ও বিরক্তিকর ব্যক্তিদের বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়ার ধারণা থেকেই দিনটির সূচনা।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের বন্ধু তালিকায় জমে থাকে অসংখ্য নাম। অথচ তাদের সবাইকে ব্যক্তিগতভাবে চেনা কিংবা তাদের সঙ্গে পরিচয়ের সূত্র মনে রাখা সম্ভব হয় না। কখন, কীভাবে কিংবা কোন পরিস্থিতিতে কার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, সেটিও অনেক সময় অজানা থেকে যায়। ফলে ভার্চুয়াল বন্ধু তালিকা দীর্ঘ হলেও প্রকৃত যোগাযোগের পরিধি থাকে সীমিত।

বন্ধুত্বের পাশাপাশি এসেছে আনফ্রেন্ড সংস্কৃতি

একসময় বন্ধুত্ব মানেই ছিল পরিচয়, বিশ্বাস, আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগের সম্পর্ক। প্রযুক্তির বিস্তারে সেই ধারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। এখন সরাসরি দেখা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই বন্ধুত্ব তৈরি হচ্ছে। একইভাবে সেই সম্পর্কের ইতি টানার জন্যও তৈরি হয়েছে ‘আনফ্রেন্ড’ শব্দটি।

অক্সফোর্ড ডিকশনারি ২০০৯ সালে ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। এর অর্থ হলো, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে নিজের বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া।

বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট, মজার মন্তব্য ও আলোচনা দেখা যায়। বিশেষ করে যেসব ভার্চুয়াল বন্ধু নানা কারণে বিরক্তির উদ্রেক করেন, তাদের বিদায় জানানোর বিষয়টি নিয়ে চলে হাস্যরস।

যেমন, যারা বারবার টাকা ধার নিয়ে আর ফেরত দেন না, প্রতিদিন নিজের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন কিংবা প্রতিটি পোস্টে অভিযোগের ঝুলি নিয়ে হাজির হন—তাদের কাউকে কাউকে আজ বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবতেই পারেন অনেকে।

শুধু বন্ধু ছাঁটাই নয়, নিজের অভ্যাস নিয়েও ভাবুন

আনফ্রেন্ড দিবসকে কেবল অন্যদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার দিন হিসেবে দেখলে এর তাৎপর্য কিছুটা সীমিত হয়ে যায়। বরং দিনটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি করে।

প্রশ্ন উঠতে পারে, ভার্চুয়াল জগতে অতিরিক্ত সময় দিতে গিয়ে পরিবারের সদস্য কিংবা কাছের বন্ধুদের সময় দেওয়া হচ্ছে তো? প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে জায়গাটির সৌন্দর্য উপভোগের চেয়ে ছবি তোলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ব্যস্ততাই বেশি হয়ে উঠছে কি না?

বাস্তব জীবনের আনন্দঘন মুহূর্তগুলো যদি কেবল ছবি তোলা আর পোস্ট করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে সেই সময় উপভোগের সুযোগ কোথায়?

তাই আজকের দিনে নিজের ভার্চুয়াল বন্ধু তালিকায় একবার চোখ বুলিয়ে নিতে পারেন। যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই কিংবা যাদের উপস্থিতি আপনার অনলাইন অভিজ্ঞতায় অস্বস্তি তৈরি করছে, প্রয়োজন মনে করলে তাদের তালিকা থেকে সরিয়ে দিতে পারেন।

মনে রাখা ভালো, কাউকে আনফ্রেন্ড করা মানেই তার সঙ্গে শত্রুতা তৈরি করা নয়। কখনো কখনো ব্যক্তিগত পরিসর বজায় রাখা, অপ্রয়োজনীয় যোগাযোগ কমানো এবং নিজের স্বস্তি নিশ্চিত করতেই কিছু দূরত্ব তৈরি করা প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button