‘এখানকার সরকারই আমি, ডিসি-এসপি নিরপেক্ষ কাজ না করলে বিদায় করা হবে’

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে আলোচনায় এসেছিলেন আমির হামজা।
সমাবেশে তিনি বলেন, “এখানকার সরকারই আমি। তাই এখানে কোনো চাঁদাবাজি চলবে না। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিদায় করে দেওয়া হবে।”
শনিবার (১৫ আগস্ট) গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রোববার কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী একটি লাঠি মিছিলের আয়োজন করে। বিকেল সোয়া ৫টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে কয়েকজনের হাতে লাঠি ও বেসবল ব্যাট দেখা যায়।
পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা কুষ্টিয়া-৩ আসনকে দেশের অন্য আসনগুলোর তুলনায় আলাদা হিসেবে উল্লেখ করেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, একটি দল জামায়াত-শিবিরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু তারা তা করতে পারেনি। বর্তমানে যারা নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, তাদেরও সেই সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।



