‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানালেন আসিফ

বাংলা টিভি ডেস্ক: বিদেশে পাচার করা হয়েছে বলে আলোচিত প্রায় ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজে লাগানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। সেখানে আসিফ মাহমুদ লেখেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। চলমান অনুসন্ধানের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুদক।
তবে তার বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন আসিফ মাহমুদ। দেশের বাইরে তার কোনো সম্পদ রয়েছে—এমন প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন এনসিপির এই নেতা।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত আসিফ মাহমুদের ওই ফেসবুক পোস্টে প্রায় ১ লাখ ১৮ হাজার রিয়্যাকশন পড়েছে।



