রাজনীতি

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি( ডিজিটাল): কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি বিএনপির কার্যালয়ে হামলা চালান। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান এবং সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ব্যক্তিদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা বসে মুড়ি ও চানাচুর খাচ্ছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে একদল লোক সেখানে এসে হামলা ও ভাঙচুর চালায়।

বিএনপির নেতাকর্মীরা আরও জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পরে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপি কার্যালয়ে হামলা চালায় বলে তাদের অভিযোগ।

এদিকে হামলার পর বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং তার পাটের গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button