
বাংলা টিভি ডেস্ক: মক্কাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। হুতি কিংবা যে-ই হামলাকারী হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিরোধী দলীয় নেতা এই নিন্দা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’য়ালার ঘর কা’বার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, একই ঘটনায় বাংলাদেশ সরকারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীর সম্মান পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি আরব ও সেদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বাবস্থায় সম্পূর্ণরূপে বজায় রাখা এবং নিশ্চিত করা আবশ্যক বলেও এতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, পবিত্র নগরী মক্কার দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ড্রোনটি সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটিকে ধ্বংস করে দেয়।
মঙ্গলবার সৌদি আরব মক্কা নগরীতে নিরাপত্তা সতর্কতা জারি করে। ২০১৭ সালে হুতিদের সর্বশেষ হামলার চেষ্টার পর এই প্রথম পবিত্র শহরটিতে এমন সতর্কতা জারি করা হয়।
তবে কয়েক মিনিটের মধ্যেই এই সতর্কবার্তা তুলে নেওয়া হয়। একই সময়ে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা ও তায়েফ শহরেও একই ধরনের সতর্কতা জারি করা হয়।
যদিও ইয়েমেনের সাবা বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে হুতিদের এক সামরিক সূত্র বলেছে, মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানের জন্য তারা হুমকি— দাবিটি সম্পূর্ণ মিথ্যা।



