
বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবকে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে তাদের শুভেচ্ছা ও উৎসাহ দিতে জবি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন উপহার ও পুরস্কার বিতরণ করা হয়।
রাকিবুল ইসলাম রাকিবের প্রশংসা করে উপাচার্য বলেন, ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর রাকিবুল ইসলাম রাকিবকে অনুসরণ করা উচিত। রাকিব কোনো প্রটোকল মেইনটেইন করে না, কোনো বাইন্ডিংস, কোনো আবেগ মেইনটেইন করে না। শুধু দলের জন্য পাগল।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ধারণের আহ্বান জানান। তিনি বলেন, সত্যিকারের দেশপ্রেম যদি কেউ শিখিয়ে গিয়ে থাকেন, তাহলে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে, রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এবং তার শাহাদাতের মধ্য দিয়েও তিনি দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন।
তিনি আরও বলেন, কারো মঞ্জিল ইন্ডিয়া, কারো পাকিস্তান, কারো চীন। আমাদের মঞ্জিল একটাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমার ঠিকানা এই দেশ, এই মাটি। আমরা এই দেশকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
এ সময় তিনি ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।



