রাজনীতি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

বাংলা টিভি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলমান থাকায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দুদকের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বর্তমানে অনুসন্ধান চলছে। এ অবস্থায় তিনি দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান ও সংশ্লিষ্ট কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছে দুদক। এ কারণে তার দেশত্যাগ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি বিভিন্ন পদে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেন, টেন্ডার বাণিজ্য এবং উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এর মধ্যে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগটি বিশেষভাবে আলোচনায় এসেছে। অভিযোগে বলা হয়েছে, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ অর্থ পাচার করে সেখানে ভিলা, জমি ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে। একই সঙ্গে পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ রাখার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো দুদকের অনুসন্ধান শেষ হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন কোনো সিদ্ধান্তও আসেনি। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

সংশ্লিষ্ট খবর

Back to top button