রাজনীতি

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

বাংলা টিভি ডেস্ক: বিদেশে আরাম-আয়েশের জীবন কাটানোর সুযোগ থাকলেও দোষী প্রমাণিত হলে দেশে ১০ বছরের কারাদণ্ডকেই বেছে নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, তাকে যদি বলা হয়—১০ বছর কারাগারে থাকতে হবে, নাকি দেশের বাইরে গিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে হবে, তাহলে তিনি কোনো দ্বিধা ছাড়াই কারাবাসকে বেছে নেবেন।

তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে, সেটিও সরাসরি অস্বীকার করেন তিনি। আসিফ মাহমুদের দাবি, চারটি দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের যে কথা বলা হচ্ছে, তার এক টাকাও যদি দেশের বাইরে তার বিনিয়োগ বা সম্পদ হিসেবে পাওয়া যায়, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

তিনি বলেন, দেশের বাইরে তার নামে এক টাকা বিনিয়োগ বা সামান্য পরিমাণ জমি-সম্পত্তি রয়েছে—এমন প্রমাণ দেখাতে পারলে তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে দাঁড়াবেন।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের প্রতি তার দায়বদ্ধতা এতটাই দৃঢ় যে বিদেশে গিয়ে আরামদায়ক জীবনযাপনের চেয়ে তিনি প্রয়োজনে দীর্ঘ কারাবাসকেও বেছে নেবেন।

তিনি অভিযোগ করেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য ও অভিযোগকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে। এ ধরনের প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, তাদের কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করা উচিত নয়। একই সঙ্গে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনও সমালোচনামূলক দৃষ্টিতে যাচাই করে দেখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোনো বিষয়ে তথ্য বা অভিযোগ সামনে এলে তা যাচাই করে দেখা প্রয়োজন এবং ক্ষমতাবানদের বক্তব্যও প্রশ্নের ঊর্ধ্বে রাখা উচিত নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button