প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান

বাংলা টিভি ডেস্ক: ‘আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিনে অনেক নাটক করা হয়েছে। আমরা কোনো নাটকের পরোয়া করি না। জনগণের জন্য রাস্তায় নেমেছি। প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না, ইনশাআল্লাহ।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা শুধু আহ্বান জানিয়েছিলাম, আসুন—১৮ কোটি মানুষের অধিকার আদায় করি। আপনারা ঘর থেকে বের হয়ে বগুড়ার এই জায়গাকে জনসমুদ্রে পরিণত করেছেন। আপনাদের মোবারকবাদ।’
লংমার্চের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা কেন এই লংমার্চের ডাক দিলাম? সরকারি দলের রাতের ঘুম হারাম। জায়গায় জায়গায় তারা প্রশ্ন করছে, বিরোধী দল এত আগে লংমার্চ করছে কেন। আমরা জিজ্ঞেস করি, ক্ষমতায় বসার আগেই জনগণকে অপমান করলেন কেন?’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘৭০ ভাগ জনগণ গণভোটে হ্যাঁ বলে রায় দিয়েছে। আপনারাও সেই ভোট চেয়েছেন, আমরাও ভোট চেয়েছি। আমরা আমাদের জায়গায় আছি। আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন? আপনারা যদি জনগণের সঙ্গে প্রতারণা না করতেন, তাহলে আজ আমাদের লংমার্চ করার প্রয়োজন হতো না।’
সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সাত মাস পেরিয়ে গেলেও জুলাইয়ের শহীদদের রক্তের ওপর গঠিত সরকারের পক্ষ থেকে সনদ বাস্তবায়ন করা হয়নি। দুর্নীতি বন্ধ ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির বিষয়ও তিনি তুলে ধরেন।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘বলেছিলেন গ্যাস দেবেন, বিদ্যুৎ দেবেন। এখন আমাদের স্লোগান হলো—গ্যাস দে, বিদ্যুৎ দে। আমরা নতুন কোনো স্লোগান দিচ্ছি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্লোগান দিয়েছিলেন, সেটাই আমরা বলছি। আপনারা দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ।’
কর্মসংস্থান ও বৈষম্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তরুণদের চাকরির অধিকার নিশ্চিত করার দাবিতেও তাদের আন্দোলন চলছে। ২০২৪ সালের আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য মেনে নেওয়া হবে না।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে শফিকুর রহমান বিভিন্ন অভিযোগ তোলেন। দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং নেই—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাস্তবে সাধারণ মানুষকে বিদ্যুৎ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ ইনশাআল্লাহ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। আপনারা প্রস্তুত আছেন? এখন থেকেই প্রস্তুত থাকবেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনার পিতার জন্মস্থানে দাঁড়িয়ে দাবি করছি, মেহেরবানি করে এই জাতির নিরাপত্তা দিন। বাংলাদেশকে বাঁচতে দিন।’
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে এবং এসব পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।



