গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্যের তালিকা দিলেন হাসনাত আবদুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত ‘সাফল্য’ হিসেবে চারটি বিষয় উল্লেখ করেন তিনি।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়া, প্রায় ৬০০ কোটি টাকার কমিশন-সংশ্লিষ্ট একটি জাপানি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়া এবং সচিবদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হওয়া উল্লেখযোগ্য বিষয়।
এ ছাড়া বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠার বিষয়টিও তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে হাসনাত আব্দুল্লাহ লেখেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, তা তিনি জানেন না। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আর্থিক উন্নতির গতি তাঁর কাছে লক্ষণীয় বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহর এসব বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।



