
বাংলা টিভি ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘ডিসেম্বরে নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’ এ সময় তিনি নিজেই স্লোগান ধরেন, ‘আপা আপা করিস নারে, আপা আর আসবে নারে।’
বুধবার কিশোরগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রতিমন্ত্রীর স্লোগানের সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও গলা মেলান।
বুধবার দুপুরে শহরের রথখলা এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুক্তমঞ্চের সমাবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘ডিসেম্বরে নয়, বুকের পাটা থাকলে এখন আসেন, দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের এ কর্মসূচি নতুন কিছু নয়। আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এ ভোটাধিকার ভূলুণ্ঠিত করার জন্য, গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদী খুনি হাসিনা ষড়যন্ত্র করছেন। এ ষড়যন্ত্র মোকাবিলা করে ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। জাতীয়তাবাদী পরিবার বাংলাদেশে সতর্ক আছে।’
সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘১৭ বছর বিএনপির বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, অত্যাচার হয়েছে। হাজার হাজার নেতাকর্মী মাসের পর মাস কারাবরণ করেছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ আর জেল-জুলুমের বিনিময়ে এ সরকার প্রতিষ্ঠা হয়েছে। এ সংসদ কচুপাতার পানি না যে ধাক্কা দিলে পড়ে যাবে।’
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, ‘১৭ বছরের অত্যাচার, নির্যাতন আর আন্দোলনের ফসল ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপির ঘরে উঠেছে। এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৭ বছর বিএনপিকে টিকিয়ে রেখে আমরা ক্ষমতায় এসেছি। আজকে অনেকেই তেলের দাম কমানোর জন্য হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করে, এটা ফ্যাসিস্টের লক্ষণ। আমরা রাজপথ ভুলিনি। আমরা রাজপথেও আছি, সংসদেও আছি।’



