৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজ অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার ব্যক্তিগত উদ্যোগে বুধবার রাতে তারা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালনের উদ্দেশে রওনা দেন তারা। বিমানবন্দরে উপস্থিত থেকে নেতাকর্মীদের বিদায় জানান লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে এই সফরে অংশ নেননি।
বাবরের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, তার নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতাকর্মী ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।
ওমরাহ যাত্রীদের মধ্যে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতারা রয়েছেন। মোহনগঞ্জ থেকে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখসহ যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা।
মদন উপজেলা থেকে বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি শামীম হাসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন এ দলে রয়েছেন।
খালিয়াজুরী থেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয় ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন।
বিমানবন্দরে বিদায়ের সময় লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জোরদার করার চিন্তা থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে নির্বাচনী এলাকার আরও নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।



