
বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভিতরে ছিনতাই এর শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০-২১ সেশনের শামসুন্নাহার হলের শিক্ষার্থী সানজিদা আক্তার।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মুহসিন হল মাঠের গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে ফেসবুকে নিজেই জানিয়েছেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শাটলে যাওয়ার সময় সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি মোটরসাইকেলে এসে শাটলে থাকাকালীন টান দিয়ে তার কানের দুল নিয়ে ভিসি চত্বর সংলগ্ন এলাকার দিকে চলে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘যখন বুঝলাম নিয়ে গেছে, শত চেষ্টা করেও মুখ থেকে একটা শব্দ তো বের করতে পারিনি। হুঁশ আসার পর দেখি যে ২৬ বাজে। ২২-২৬ এই ৪ মিনিট আমার জীবনের সবচেয়ে বাজে সময় ছিল। মনে হচ্ছিল যে ভিতর থেকে বোবা হয়ে গেছি। পরবর্তীতে ২ ঘণ্টা আমি লাইব্রেরির নিচে থো হয়ে বসে ছিলাম। কারও সঙ্গে বিষয়টা শেয়ার করার মতো পরিস্থিতিতে ছিলাম না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘আমাদের ক্যাম্পাসে চাইলেই পুলিশ ভ্যান রাখা যায় না। তারপরেও কয়েকটা থাকে। এছাড়াও নতুন সিসিটিভি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি আমার জানামতে প্রথম ঘটনা যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। অভিযোগ দায়েরসহ সকল বিষয়ে তাকে আমরা সহযোগিতা করবো।’



