বিএনপিরাজনীতি

সতর্ক হোন, স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আপনাদের সতর্ক থাকতে হবে আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে। তারা বিগত সময়ও তলেতলে একসঙ্গে ছিল। এজন্য তাদের গুপ্তদল বলা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম পুরোহিতদের মাঝে সম্মানি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর যেভাবে বিএনপি নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তখন তারা কোথায় ছিল। তারা নিজেদের জন্য রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এই অপরাজনীতি দেশের মানুষ বুঝে গেছে। তারা যদি দায়িত্ব পায় তারা নিজেদের জন্য কাজ করবে, দেশের জন্য কিছুই করবে না। নির্বাচনের আগে তারা বেহেস্তের টিকেট বিক্রি করেছে। অথচ বেহেস্ত দোযখের মালিক আল্লাহ। মানুষ যদি এসব বলে তারা প্রকারান্তে আল্লাহর সাথে শিরক করে। আর যারা আল্লাহর সাথে শিরক করে তারা মানুষ সাথে প্রতারণা করবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, তারা দেশে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে এক দফা-এক দফা করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তাই যারা নিজেদের জন্য রাজনীতি করে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তারেক রহমান বলেন, আমি বহু বছর পর নানারবাড়ি ফেনীতে এসেছি। আমার মা নাই, আপনারাই আমাকে দেখে রাখবেন।

নির্বাচনের আগে আমরা বলেছিলাম সরকার গঠন করলে কৃষক-দিনমজুর, অসহায়-দুস্থ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানীর ব্যবস্থা করব। তারা যাতে স্বাবলম্বী হয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর এই জন্যই আজ তাদের হাতে সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অর্থ তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করে। বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়েছিল। আমরা এখন বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি যাতে কলকারখানাগুলো চালু হয়। আমার দেশের মানুষের যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। জনগণের মিনিমাম একটু সহযোগিতা করতে পারলে তারাই নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলবে।

সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জাবিহ উল্লা, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বিগ্রেড়িয়ার সামস, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ চৌধুরী ইয়াসিন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, খাগড়াছড়ির সংসদ সদস্য ওবাদুদ ভূঁইয়াসহ সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে দেশের ৭৭ টি উপজেলায় কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। এ সময় ফেনীর ১০ জন নারীকে ফ্যামিলি কার্ড ও ১০ জন কৃষক কৃষাণীকে কৃষি কার্ড এবং ১০ জন ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের বার্ষিক সম্মানি ভাতা প্রদান করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button