‘আমি আওয়ামী লীগার না’, বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

বাংলা টিভি ডেস্ক: আদালতে নেওয়ার সময় পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় তাকে আদালত চত্বরে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রিজনভ্যান থেকে নামানোর সময় তার হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো ছিল। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমি আওয়ামী লীগার না।” একই সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশে তাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আদালতে নেওয়ার পথে আখতারুজ্জামান দাবি করেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশকে উদ্দেশ করে আঙুল তুলে কথা বলতে দেখা যায় তাকে। একপর্যায়ে মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলেন তিনি।
তিনি আরও বলেন, জুলুম-নির্যাতন চালিয়ে তাদের থামানো যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনা নিয়ে বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে আখতারুজ্জামানের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদকে উদ্দেশ করে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। পরে ঘটনাটি নিয়ে সমালোচনা তৈরি হলে শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
এরপর শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, মামলার আসামি আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



