কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল উগ্র হিন্দুত্ববাদীরা

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে মিশনসংলগ্ন এলাকা। বাংলাদেশের বিভিন্ন ঘটনার প্রতিবাদে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
শনিবার শিয়ালদহ রেলস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর পাশাপাশি এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
মিছিলটি বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার আগেই কলকাতা পুলিশ সতর্ক অবস্থান নেয়। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়।
এ সময় বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। মিশনসংলগ্ন এলাকায় সাময়িকভাবে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ও আয়োজকদের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর বাংলাদেশ উপ-হাইকমিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মিশনের ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ পায়।
স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দেওয়ার পর বিক্ষোভকারীরা আরও কিছুক্ষণ মিশনের বাইরে অবস্থান করে স্লোগান দেন।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান।



