রাজনীতি

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

বাংলা টিভি ডেস্ক: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগেও মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, ‘গণহত্যার মদদদাতা মেজর আখতারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন।’

তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।

এ প্রসঙ্গে রাশেদ খান প্রশ্ন তোলেন, এর মাধ্যমে গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত শেখ হাসিনাকেও ক্ষমা করে দেওয়া হয়েছিল কি না। তিনি বলেন, বর্তমানে মেজর আখতারুজ্জামানের পক্ষে যারা অবস্থান নিচ্ছেন, ভবিষ্যতে তারা শেখ হাসিনার পক্ষেও অবস্থান নিতে পারেন।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করে রাশেদ খান বলেন, ১৯৭১ সালের গণহত্যায় সহযোগিতার অভিযোগ থাকার কারণেই ২০২৪ সালের ঘটনাকে দলটির কাছে গুরুত্বহীন মনে হতে পারে। মেজর আখতারুজ্জামানকে নিয়ে জামায়াতের আমির ও নেতাকর্মীদের অবস্থানকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

রাশেদ খান তার পোস্টে আরও বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ২০২৪ সালের গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগে মামলা হওয়া উচিত। এমন মামলা হলে জামায়াতে ইসলামী সেটি কীভাবে মোকাবিলা করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, জামায়াতে যোগ দেওয়ার কারণে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে থাকা সব অভিযোগ বা অপরাধ কি ক্ষমা করে দেওয়া হয়েছে?

পোস্টের শেষ দিকে রাশেদ খান প্রশ্ন রাখেন, ‘সত্যিই কি জামায়াতে ইসলামী অপরাধীদের পুনর্বাসন কারখানায় পরিণত হতে চায়?’

সংশ্লিষ্ট খবর

Back to top button