আন্তর্জাতিকইন্ডিয়া

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বাবাকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভারতের গুজরাটের সুরাটে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ অক্টোবর নির্মাণ ব্যবসায়ী মুকেশ নাহাটার বাড়িতে যান তার ছেলে ঋষভ নাহাটা ও তার দুই বন্ধু। ওই সময় ব্যবসায়ীর মেয়ে বাড়িতে ছিলেন না। প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার কারণ জানতে গিয়ে ঋষভ তার বাবার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বন্দুকের ভয় দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ।

ঘটনার পরপরই অভিযান শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে সুরাটের সিটি লাইট এলাকায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে জানা যায়, ঋষভের সঙ্গে ওই ব্যবসায়ীর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তবে পরবর্তী সময়ে ওই নারী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন ঋষভ।

জিজ্ঞাসাবাদে ঋষভ দাবি করেন, তার এক নারী বন্ধুকে ওই ব্যবসায়ীর মেয়ে ফোনে গালিগালাজ করেছিলেন। বিষয়টি জানতে তিনি ওই নারীর বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে তার বাবার সঙ্গে কথা বলেন বলে দাবি করেন ঋষভ।

গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন আদাজানের দেব কেতন আহির এবং উমরগামের লক্ষ্মণ রাঠোর। পুলিশের ভাষ্য, দেব ঋষভের বন্ধু এবং অপহরণে ব্যবহৃত পিস্তলটি তার কাছে ছিল। আর লক্ষ্মণ ওই নির্মাণ প্রতিষ্ঠানের কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধেই আগে থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৪১ লাখ ৪০ হাজার রুপি মূল্যের বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button