রাজনীতি

‘কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার কুষ্টিয়ায় লালন শাহের মাজারে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি সরকার গঠনের পর এটি পাটওয়ারীর ওপর পঞ্চম হামলার ঘটনা বলেও দাবি করেন নাহিদ।

তিনি আরও বলেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ ধরনের আচরণ করতে পারে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, ভয়ভীতি দেখিয়ে কিংবা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ থামিয়ে দেওয়া সম্ভব হবে না।

এদিকে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর হামলার ঘটনায় এজাহার দিতে তিনি কুমারখালী থানার দিকে রওনা হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button