
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কাঁচপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সোনারগাঁও থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসাইন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কাঁচপুর ইউনিয়নের সেক্রেটারি নাজিম উদ্দিন, আবু মূসাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় এত বেশি যে কোনো হাসপাতালে সিট খালি পাওয়া যাচ্ছে না।’ প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি জনগণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।



