মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট

বাংলা টিভি ডেস্ক: সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি প্রকাশ করেন তিনি।
পোস্টে নুসরাত খান লেখেন, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.”
উদ্ধৃতিটির বাংলা অর্থ হলো, ‘ক্ষমতাকে সঠিকভাবে বুঝলে দেখা যায়, এটি মূলত কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি।’
মার্টিন লুথার কিং জুনিয়রের এই উদ্ধৃতির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন তাঁর স্ত্রী। তবে পোস্টে উদ্ধৃতিটি দেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা বক্তব্য উল্লেখ করেননি তিনি।
এর আগে সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি জানান, দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি রাজধানীতে মাদকবিরোধী অভিযানে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে।



