রাজনীতি

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং মন্তব্যটি প্রত্যাহার করে নেন।

ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন জানান, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আবেগের বশে বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।’

নিজের ওই বক্তব্যের ব্যাখ্যায় তিনি স্বীকার করেন, এমন মন্তব্য করা তার ঠিক হয়নি। একই সঙ্গে তার কথায় নিহত ব্যক্তিদের স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট তৈরি হয়েছে, সে জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে আলোচনার সময় মন্তব্যটি করেছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button