রাজনীতিজামায়াত

জামায়াতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন।

সাদেকুল ইসলাম স্থানীয় একটি মাদরাসার সহকারী শিক্ষক। তার বাড়ি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে। দীর্ঘদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি তিনি দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।

গত ১০ নভেম্বর ওয়ার্কার্স পার্টির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে দলীয় পদ ছাড়ার পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

জামায়াতে ইসলামীতে যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে সাদেকুল ইসলাম বলেন, সঠিক পথ বুঝতে তার দীর্ঘ সময় লেগেছে। বর্তমানে তিনি মনে করেন, ইসলামী আন্দোলনই সঠিক পথ। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সদস্যদের কাছে দোয়া কামনা করেন।

সাদেকুল ইসলামের দলত্যাগ ও জামায়াতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। তিনি জানান, গত ১০ নভেম্বর সাদেকুল ইসলাম উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। তিনি আগে থেকেই ইসলামী মানসিকতার মানুষ ছিলেন। এ কারণেই জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন অধ্যাপক ইয়াসিন আলী।

শুক্রবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠকে সাদেকুল ইসলামের যোগদান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রুকন সদস্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button