বাংলাদেশ

সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে খোলা আকাশের নিচে নারী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ও ভারতের সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন ধরে অবস্থান করছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে তিনি কোনো দেশের ভূখণ্ডেই প্রবেশ করতে পারছেন না। ফলে খোলা আকাশের নিচে তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে দিন কাটছে তাঁর।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় ওই নারীকে অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী কখনো বাংলাদেশের দিকে, আবার কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দিকেই যেতে পারছেন না তিনি।

সীমান্ত এলাকার বাসিন্দাদের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তিনি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন।

পরে তাঁর পরিচয় জানতে চাইলে নিজের নাম, ঠিকানা কিংবা জাতীয়তা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি ওই নারী। স্থানীয়দের দাবি, এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তাও বলছিলেন। একপর্যায়ে তাঁকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকে দুই দেশের সীমান্তের মাঝখানে অবস্থান করছেন তিনি।

পাথরের চর এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, পাঁচ দিন ধরে ওই নারীকে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। মাথার ওপর কোনো আশ্রয় নেই। দিনের প্রচণ্ড রোদ এবং রাতের কুয়াশার মধ্যেই খোলা জায়গায় থাকতে হচ্ছে তাঁকে। স্থানীয় গ্রামবাসী সামর্থ্য অনুযায়ী বিস্কুট, পানি ও শুকনো খাবার সরবরাহ করছেন।

তিনি আরও বলেন, একজন মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য খাবারের পাশাপাশি বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। এভাবে দিনের পর দিন একজন নারীকে সীমান্তের শূন্যরেখায় ফেলে রাখা যায় না। বিষয়টির দ্রুত মানবিক সমাধান হওয়া জরুরি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বর্তমানে তারা এ বিষয়ে দায় স্বীকার করছে না। এ নিয়ে বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য, ওই নারী তাদের দেশের নাগরিক নন।

তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে কাউকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় ওই নারীর অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি দ্রুত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট খবর

Back to top button