রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ঢাকার মোহাম্মদপুর থেকে চুরি হওয়া প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার। এর আগে শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলী মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী এলাকার বশিরউদ্দিনের ছেলে। তাঁর কাছ থেকে ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডের ‘নুর জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে এক ব্যক্তি বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ওই ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের হাতব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণালংকারের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল আলীকে গ্রেপ্তার করা হয় এবং মালামাল জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল আলী স্বীকার করেছেন, ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় স্কুলশিক্ষিকা সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করেন তিনি। ওই শিক্ষিকার গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন গ্রেপ্তার ব্যক্তি। পরে চুরি করা মালামাল বিক্রির উদ্দেশ্যে ভোলায় নিয়ে আসেন।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে। পাশাপাশি উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



