বাংলাদেশ

ইবিতে র‍্যাগিংয়ের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন এবং লোকপ্রশাসন বিভাগের ৯ জন রয়েছেন। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব শাস্তির বিষয়টি জানানো হয়। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই বিভাগের তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘ সময় আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করানো এবং এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ জমা দেন। পরে বিভাগীয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির উদ্যোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থী মো. তারিফ জামান রাজকে বয়কট, ২৫ হাজার টাকা দাবি এবং মারধরের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়। অভিযোগ অনুযায়ী, সিনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে বাধা দেওয়ায় তাঁকে সামাজিকভাবে বয়কট করা হয়। পরে বয়কট প্রত্যাহারের শর্ত হিসেবে তাঁর কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি নির্জন স্থানে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে ২৭৫তম সিন্ডিকেট সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কার ও সতর্কতামূলক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button