ধর্ম আর সীমানার বিভেদ পেরিয়ে মাসুদের টানে পীরগঞ্জে ভারতের অশ্বিনী

বাংলা টিভি ডেস্ক: ভালোবাসার টানে সুদূর ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে ছুটে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। পীরগঞ্জ উপজেলার মাসুদ রানার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর বর্তমানে স্বামীর বাড়িতে সংসার করছেন তিনি।
জানা গেছে, উন্নত জীবনের আশায় কয়েক বছর আগে দুবাইয়ে পাড়ি জমান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। এর প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কর্মী হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী।
একই কর্মস্থলে কাজ করতে গিয়ে পরিচয় থেকে ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রায় দুই বছর প্রেমের সম্পর্কের পর দুবাইয়ের আদালতে বিয়ে করেন তারা। এরপর সেখানেই একসঙ্গে সংসার শুরু করেন।
গত ১১ নভেম্বর মাসুদ রানা দেশে ফিরে আসেন। তবে ভিসাসংক্রান্ত জটিলতার কারণে ওই সময় স্ত্রী অশ্বিনীকে সঙ্গে আনতে পারেননি। পরে অশ্বিনী ভারতে নিজের বাড়িতে ফিরে প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করেন। এরপর স্বামীর সঙ্গে থাকতে বাংলাদেশে চলে আসেন তিনি।
মাসুদের পরিবারের সদস্যদের দাবি, অশ্বিনী ইতোমধ্যে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে স্বামী মাসুদ রানার সঙ্গে পীরগঞ্জে বসবাস করছেন তিনি।
এদিকে ভারতীয় এই নববধূকে একনজর দেখতে প্রতিদিনই মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। ভিনদেশি তরুণীর আগমন ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা।
দেশের সীমানা পেরিয়ে দুবাইয়ে গড়ে ওঠা এই প্রেমের সম্পর্ক বিয়ের মাধ্যমে পরিণতি পাওয়ার পর এখন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
মাসুদ রানা ও অশ্বিনী জানান, ভবিষ্যতে বাংলাদেশে থাকবেন, নাকি আবারও বিদেশে পাড়ি জমাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারা। কিছুদিন পর দুজনের আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।



