বাংলাদেশ

ছেলের জানাজা শেষ হতে না হতেই শোকে মারা গেলেন মা

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে স্বজন ও এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

শনিবার বেলা ১১টার দিকে ইলিয়াস ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে ভেঙে পড়েন মা হাসিনা বেগম। একপর্যায়ে তিনি স্ট্রোক করলে দ্রুত তাঁকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। একই দিন বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

একই পরিবারের মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ফিরছিলেন। বরইতলা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত থাকেন সংসদ সদস্য। ওই বহরে থাকা বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভয়াবহ এ দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button