বিশ্ব ভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে গিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন চীনের এক দম্পতি। তুরস্কের একটি পরিবারের আন্তরিক আতিথেয়তা, মুসলমানদের সুন্দর আচরণ এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তারা। একপর্যায়ে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন আট বছরের দাম্পত্য জীবনে থাকা এই দম্পতি। নতুন ধর্মীয় পরিচয়ে নিজেদের বিয়েও সম্পন্ন করেন ইসলামী রীতি অনুযায়ী।
প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন চীনা দম্পতি মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন দেশের সংস্কৃতি, জীবনযাপন ও মানুষের সঙ্গে পরিচিত হওয়াই ছিল তাদের উদ্দেশ্য। ভ্রমণের শুরুটা হয়েছিল ইন্দোনেশিয়া দিয়ে। তবে এই যাত্রা যে তাদের জীবনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আনবে, তা ভাবেননি তারা।
ইন্দোনেশিয়ায় মুসলমানদের আতিথেয়তা ও আন্তরিক আচরণ তাদের বিশেষভাবে আকৃষ্ট করে। সেখান থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে তুরস্কের আনতালিয়া শহরে গিয়ে পরিচয় হয় এমন এক পরিবারের সঙ্গে, যাদের আতিথেয়তা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে।
পার্কের পরিচয় থেকে পারিবারিক সম্পর্ক
তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে বসে ছিলেন মোইয়ান সং ও লুওশি শু। সেখানেই তাদের পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে।
আগে থেকে কোনো পরিচয় না থাকলেও অল্প সময়ের মধ্যেই দুই পরিবারের মধ্যে আন্তরিকতা তৈরি হয়। ভাষাগত পার্থক্য থাকায় শুরুতে কথাবার্তায় কিছুটা সমস্যা হলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যান তারা।
অবসরপ্রাপ্ত নার্স আয়সেল চীনা ও কোরীয় টেলিভিশন সিরিজের প্রতি আগ্রহী ছিলেন। এসব ভাষার কিছু শব্দ জানা থাকায় চীনা দম্পতির সঙ্গে তার আলাপের সুযোগ তৈরি হয়।
একপর্যায়ে আয়সেল তাদের নিজের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান। পরদিন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাড়িতে যান চীনা দম্পতি। সেখানে খাবার ও সংস্কৃতির পাশাপাশি ইসলাম নিয়েও নানা বিষয়ে আলোচনা হয়।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে আয়সেল জানান, প্রথম পরিচয়েই তাদের মধ্যে এমন ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যেন বহুদিনের পরিচিত। অথচ সেদিনই ছিল তাদের প্রথম দেখা।
কোরআনের উপহার, বদলে গেল চিন্তাভাবনা
চীনা দম্পতির ইসলাম সম্পর্কে আগ্রহ দেখে আয়সেল তাদের পবিত্র কোরআনের একটি কপি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তার উদ্দেশ্য ছিল ধর্মটি সম্পর্কে জানার সুযোগ তৈরি করা। তবে এই উপহার যে তাদের জীবনে এত বড় পরিবর্তনের সূচনা করবে, তা তখন কল্পনাও করেননি তিনি।
তুরস্ক থেকে চলে যাওয়ার পরও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত থাকে। কিছুদিন পর আয়সেলের কাছে একটি বার্তা পাঠান চীনা দম্পতি। সেখানে কোরআনের উপহার তাদের কতটা মুগ্ধ করেছে, তা তুলে ধরেন তারা। পবিত্র গ্রন্থটিকে একটি শিল্পকর্মের সঙ্গেও তুলনা করেন।
পরবর্তী সময়ে চীনে ফিরে ইসলাম সম্পর্কে আরও জানার চেষ্টা করেন মোইয়ান সং ও লুওশি শু। একপর্যায়ে তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তবে তাদের ইচ্ছা ছিল, তুরস্কের যে শহরে প্রথম পরিচয়ের সূত্রপাত হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
বেইজিং থেকে আবারও আনতালিয়ায়
ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আবারও তুরস্কে ফিরে আসেন এই দম্পতি। এবার তাদের গন্তব্য ছিল আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদ।
তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদের ইমাম ও মুসল্লিদের সামনে তারা ইসলাম গ্রহণ করেন। এ সময় নিজেদের জন্য নতুন মুসলিম নামও বেছে নেন। মোইয়ান সংয়ের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং তার স্ত্রী লুওশি শুর নাম হয় লায়লা বাতুল।
একই অনুষ্ঠানে তাদের আট বছরের পুরোনো বিয়েও ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন কাজি মুহাম্মদ কুশুক।
ইসলাম গ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ মুরাদ জানান, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলমানদের দয়া, সততা ও মানবিক আচরণ তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এসব অভিজ্ঞতা থেকেই তার ও স্ত্রীর মধ্যে ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়।
তিনি আরও জানান, ইসলাম গ্রহণের জন্য কেউ তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। নিজেদের আগ্রহ থেকেই তারা ইসলাম সম্পর্কে জেনেছেন এবং এই সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন ধর্মীয় জীবনে মানসিক প্রশান্তি অনুভব করছেন বলেও জানান মুরাদ। জীবনের নানা সমস্যায় ধৈর্য ধারণ এবং আল্লাহর কাছে প্রার্থনা করার অভ্যাস গড়ে উঠেছে তাদের মধ্যে। অন্যদিকে, লায়লা বাতুল ইসলাম সম্পর্কে আরও জানার জন্য চীনা ভাষায় লেখা বিভিন্ন ইসলামী বই পড়ছেন।
পরিচয় ছাড়িয়ে আত্মীয়তার বন্ধন
চীনা দম্পতির সঙ্গে তুর্কি পরিবারের সম্পর্ক এখন আর কেবল পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে তা পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে।
আবদুর রহমান আককোজ জানান, একদিন মুহাম্মদ মুরাদ তাকে সঙ্গে নিয়ে মসজিদে যাওয়ার অনুরোধ করেন। সেখানে একসঙ্গে নামাজ আদায়ের সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার চোখে পানি চলে আসে।
এদিকে তুরস্কের ধর্মবিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে চীনা দম্পতিকে চীনা ভাষায় অনূদিত তাফসিরসহ পবিত্র কোরআনের কয়েকটি কপি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামি শিক্ষাবিষয়ক বিভিন্ন বইও তাদের হাতে তুলে দেওয়া হয়।
সম্পর্কের গভীরতা এতটাই বেড়েছে যে মুহাম্মদ মুরাদ ও লায়লা বাতুল আয়সেল ও আবদুর রহমানকে দাদা-দাদি বলে সম্বোধন করেন।
আবদুর রহমান জানান, তারা এখন চীনা দম্পতিকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। তাদের ফোনকল কিংবা বার্তা পেলে নিজের সন্তানদের সঙ্গে যোগাযোগের মতোই আনন্দ অনুভব করেন।
এভাবেই বিশ্বভ্রমণে বেরিয়ে একটি আকস্মিক পরিচয়, আন্তরিক আতিথেয়তা ও নতুন ধর্ম সম্পর্কে জানার আগ্রহের মধ্য দিয়ে জীবনের নতুন পথ খুঁজে পেয়েছেন চীনা দম্পতি।
সূত্র: আল জাজিরা



