অভিশপ্ত রোগে একই পরিবারের ৭ জন শয্যাশায়ী, উপার্জন করার নেই কেউ

দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধি (ডিজিটাল): কুষ্টিয়ার ভেড়ামারায় বিরল এক স্নায়বিক রোগে বিপর্যস্ত হয়ে পড়েছে একটি পরিবার। বংশপরম্পরায় পরিবারের সাত সদস্য আক্রান্ত হয়েছেন ‘সেরিবেলার অ্যাট্রোফি’ নামের দুরারোগ্য ব্যাধিতে। রোগের কারণে আক্রান্ত ব্যক্তিরা একে একে শয্যাশায়ী হয়ে পড়েছেন। পরিবারের উপার্জনক্ষম সদস্য না থাকায় চিকিৎসা ও দৈনন্দিন খাবার জোগাড় করাও কঠিন হয়ে উঠেছে। বর্তমানে চরম মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামের মৃত মলিনা খাতুনের পরিবারে নেমে এসেছে এই দুর্বিষহ পরিস্থিতি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মারা যাওয়া মলিনা খাতুন ছিলেন এই রোগে আক্রান্ত পরিবারের প্রথম সদস্য। মৃত্যুর আগে প্রায় ১২ বছর ধরে তিনি রোগটিতে ভুগেছিলেন। এরপর ধীরে ধীরে তার সন্তান ও নাতি-নাতনিদের মধ্যেও একই রোগের লক্ষণ দেখা দেয়।
আক্রান্ত সাতজন হলেন পরিবারের কর্তা ৮০ বছর বয়সী আজিজুল হকের তিন ছেলে বেলাল উদ্দিন (৪৫), হেলাল উদ্দিন (৪২) ও আব্দুল জব্বার (৩৮), মেয়ে সুমি খাতুন (৩০), বেলালের মেয়ে রিয়া খাতুন (২৩) ও ছেলে আহমদ আলী (২৫) এবং আব্দুল জব্বারের ছেলে সুমন আহমেদ (১৭)।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সাধারণত ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। আক্রান্তদের কেউ ১৬ বছর, কেউ ১৩, ১২ কিংবা ৮ বছর ধরে শয্যাশায়ী। বর্তমানে তারা চলাফেরা তো দূরের কথা, নিজেদের দৈনন্দিন কাজও করতে পারেন না। অন্যের সাহায্য ছাড়া তাদের জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
খাবার ও চিকিৎসার জন্য হাহাকার
অসুস্থ বেলালের স্ত্রী নুরবানু কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়ে রিয়া তিন বছর ধরে বিছানায় পড়ে আছেন। রিয়ার তিনটি ছোট সন্তান রয়েছে, যাদের প্রত্যেকের বয়স চার বছরের কম। অন্যদিকে তার বিদেশফেরত ছেলে আহমদ আলীর শরীরেও একই রোগ দেখা দিয়েছে।
তিনি বলেন, পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে খাবার জোগাড় করাও কঠিন। প্রতিবেশীরা খাবার দিলে তারা খেতে পারেন, অন্যথায় অনেক সময় না খেয়েই থাকতে হয়।
অসুস্থ জব্বারের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের পরিবারে এখন উপার্জন করার মতো কেউ নেই। স্বামীর পর একমাত্র ছেলে সুমনও এই রোগে আক্রান্ত হয়েছে। মাত্র ১০ বছর বয়সে তার শরীরে রোগের লক্ষণ দেখা দেয়। বর্তমানে সেও শয্যাশায়ী।
চিকিৎসক বলছেন, নিরাময়ের সুযোগ নেই
পরিবারের বর্তমান অভিভাবক ও অসুস্থ রিয়ার স্বামী মেকানিক মনিরুল ইসলাম জানান, সর্বশেষ আক্রান্ত আহমদ আলীকে চলতি নভেম্বর মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. পারভেজ আমিনের কাছে নেওয়া হয়েছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক রোগটিকে সেরিবেলার অ্যাট্রোফি হিসেবে শনাক্ত করেন। পরিবারকে জানানো হয়েছে, এ রোগের নির্দিষ্ট কোনো নিরাময়মূলক চিকিৎসা নেই।
মালয়েশিয়াপ্রবাসী আহমদ আলী জানান, সেখানে কর্মরত অবস্থায় প্রচণ্ড জ্বর ও মাথা ভারী অনুভব করার পর তার শারীরিক সমস্যা শুরু হয়। একপর্যায়ে কথা বলতেও সমস্যা দেখা দেয়। বিদেশে ব্যয়বহুল চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। চিকিৎসকদের কাছ থেকে রোগটির নিরাময় নেই বলে জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পরিবারের অসহায় অবস্থার কথা তুলে ধরে বৃদ্ধ আজিজুল হক বলেন, স্ত্রীকে হারানোর পর এখন পরিবারের সাতজন সদস্যকে এই রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তাদের চিকিৎসার খরচ মেটাতে নিজের সব সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন তিনি।
তিনি আরও বলেন, বয়সের ভারে নিজেই চলাফেরায় কষ্ট হলেও প্রতিদিন অসুস্থ স্বজনদের দেখাশোনা করতে হয়। তাদের মলমূত্র পরিষ্কার করা থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজই তাকে করতে হচ্ছে। এই বয়সে এমন পরিস্থিতি সামাল দেওয়া তার জন্য অত্যন্ত কষ্টকর।
জিনগত রোগ, বলছেন স্বাস্থ্য কর্মকর্তা
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক জানান, সেরিবেলার অ্যাট্রোফি পুষ্টিহীনতা, ডায়াবেটিস কিংবা জিনগত কারণে হতে পারে। তবে এই পরিবারের ক্ষেত্রে রোগটির পেছনে জিনগত কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ রোগের নির্দিষ্ট নিরাময় না থাকায় আক্রান্তদের লক্ষণ অনুযায়ী চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়াই মূল উপায়।
সহায়তার আশ্বাস প্রশাসনের
পরিবারটির দুরবস্থার বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। পরিবারটিকে দ্রুত এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত বলেন, পরিবারটির পরিস্থিতি জানার পরপরই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।
একদিকে দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই, অন্যদিকে অভাব-অনটন—সব মিলিয়ে পরিবারটির জীবন এখন চরম সংকটে। তাই প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য ও আর্থিক সহায়তার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের কাছেও আকুল আবেদন জানিয়েছেন তারা।



