বাংলাদেশ

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাটে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৯টায় হেলিকপ্টারে করে লালমনিরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৃহস্পতিবারের সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

জেলায় পৌঁছেই ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও ঘুরে দেখবেন তিনি।

এরপর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর।

দুপুরের কর্মসূচি শেষে লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button