বাংলাদেশ

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বাংলা টিভি ডেস্ক: বিয়ের সব প্রস্তুতি শেষ। বাড়িতে অতিথি-স্বজনের উপস্থিতি, বরযাত্রীদের আপ্যায়ন চলছে। বিয়ে পড়ানোর জন্য কাজিও হাজির। ঠিক এমন সময় বোরকা পরা এক তরুণীর নিয়ে আসা বিশেষ মিষ্টিকে কেন্দ্র করে তৈরি হয় চাঞ্চল্য। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিয়েবাড়িতে। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই বাড়ি ফিরে যান বর।

বুধবার (তারিখ উল্লেখ নেই) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। অন্যদিকে কনে সাদিয়া আক্তার (২০) ওই গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে বরকে নিয়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজিও উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাবার খাচ্ছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এগুলো শুধু বরকেই খেতে হবে।

বজলুর রহমানের দাবি, মিষ্টি মুখে দেওয়ার সময় তাতে অস্বাভাবিক গন্ধ পান বর। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তাঁরাও মিষ্টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে ওই তরুণীর হাতে কীটনাশকের একটি বোতল দেখতে পান তাঁরা। পরিস্থিতি বুঝতে পেরে তরুণীটি দ্রুত সেখান থেকে চলে যান।

পরে কনেপক্ষকে বিষয়টি জানিয়ে ওই তরুণীকে খোঁজার চেষ্টা করা হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও তাঁকে চেনেন না বলে দাবি করেন। আতঙ্কিত হয়ে বরপক্ষ তাওফিকুর রহমানকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁরা বাড়ি ফিরে যাওয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা আর সম্পন্ন হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক হাসপাতালে আসেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে তাঁকে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করা মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি সেটি খাননি। ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আসা ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছে। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার জানান, বরকে পছন্দ না হওয়ায় কনে পরিচিত এক তরুণীর মাধ্যমে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন—এমন অভিযোগ তিনি শুনেছেন। তবে অভিযোগের সত্যতা তিনি নিজেও নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাটি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই। এ পর্যন্ত কেউ থানায় অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button