অবশেষে মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ‘জর্জ ওয়াশিংটন’

আন্তর্জাতিক ডেস্ক: টানা প্রায় তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থানের পর অঞ্চলটি ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের দায়িত্বাধীন এলাকায় অবস্থান করছে।
বুধবার (১৮ নভেম্বর) মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন প্রকাশনা ইউএসএনআই নিউজ এ তথ্য প্রকাশ করে। এ খবর জানিয়েছে আলজাজিরা।
ইউএসএনআই নিউজকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র জানান, জাপানভিত্তিক রণতরি জর্জ ওয়াশিংটন বর্তমানে সপ্তম নৌবহরের কার্যক্রম পরিচালিত এলাকায় রয়েছে। তবে রণতরিটির সঙ্গে অন্য কোনো যুদ্ধজাহাজ ফিরেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের দায়িত্বাধীন এলাকায় পৌঁছায় ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে সেখানে মোতায়েন করা হয়েছিল এই রণতরিকে।
এদিকে জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছাড়ার আগেই রোববার ওই অঞ্চলে পৌঁছেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফলে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ রয়েছে। এর বাইরে গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।
জর্জ ওয়াশিংটন সরাসরি জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরবে, নাকি পথে অন্য কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো জানা যায়নি। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল রণতরিটি।
উল্লেখ্য, জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি মোতায়েন ছিল না।
এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়।
গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে বিরোধ অব্যাহত রয়েছে।
সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও রাজনীতিতে, যার প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে।
ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে, যা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।



