পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে পাবনাবাসীর। অবশেষে পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে দুটি আন্তঃনগর ট্রেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি নিয়মিত চলাচল শুরু করবে।
নতুন এই রেলসেবা চালু উপলক্ষে পাবনা রেলস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে প্রতিদিন ট্রেন দুটি চলাচল করবে। এর মধ্যে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’-এর ট্রেন নম্বর ৮০৮ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নম্বর ৮০৭।
দীর্ঘ প্রতীক্ষার পর সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ চালু হওয়ায় পাবনাবাসীর যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।



