পশ্চিমবঙ্গে ‘গোমাতা’ হত্যা করতে দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে কোনোভাবেই গরু হত্যা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অবৈধভাবে গবাদিপশু জবাই বন্ধে প্রচলিত আইন কঠোরভাবে কার্যকরের পাশাপাশি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে গোপনে গরু জবাইয়ের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন কার্যকরের পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশনাও অনুসরণ করা হবে।
তিনি বলেন, কোথাও গোপনে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হলে সাধারণ মানুষ সরাসরি সরকারকে তথ্য দিতে পারবেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে গবাদিপশু জবাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিশ্চিত করতে নতুন একটি বিল আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।
তবে বৈধ কসাইখানায় পশু জবাইয়ের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, অনুমোদিত কসাইখানায় প্রচলিত আইন ও নিয়ম মেনে পশু জবাই করা হলে সেটি অবৈধ কর্মকাণ্ডের আওতায় পড়বে না।
এদিকে একই দিনের মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর দেখভালের জন্য গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি গোশালা বছরে সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত সহায়তা পাবে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে এ অর্থ দেওয়া হবে।
উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গরু, ষাঁড় ও মহিষসহ বিভিন্ন গবাদিপশু জবাইয়ের বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় পশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যসংক্রান্ত সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে নির্ধারিত ও অনুমোদিত কসাইখানার বাইরে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।



